মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস প্রাঙ্গণে এই বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
চলতি মৌসুমে আউশ ও খরিপ-১ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই বিশেষ উদ্যোগ। উপজেলার মোট ৬,৩০০ জন কৃষকের প্রত্যেককে নিচের উপকরণগুলো প্রদান করা হয়: উন্নত জাতের বীজ: ৫ কেজি,ডিএপি (DAP) সার: ১০ কেজি,এমওপি (MOP) সার: ১০ কেজি
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “সরকারের মূল লক্ষ্য হলো দেশের এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করতে এবং উৎপাদন খরচ কমিয়ে আনতে আমরা নিরলস কাজ করছি।”
বিতরণ শেষে স্থানীয় কৃষকরা জানান, চাষাবাদের ঠিক আগ মুহূর্তে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় তারা অনেকটা দুশ্চিন্তামুক্ত হয়েছেন। এর ফলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।