মোঃ তোফায়েল হোসেন
এমন মর্মান্তিক নিঃসঙ্গতায় দুরারোগ্য নিরালায়
নিঝুম নেশায়- ওপারের ডাক যেন এসেছে;
সকল নিস্তব্ধতা ছুঁয়ে অপূর্ণতার হাহাকার নিয়ে
অতর্কিত চিন্তায় বিতর্কিত সন্ধ্যায়।
এমন বিচ্ছিন্নতায়- আশা ভালোবাসাময় প্রহরগুলো
সহসা থমকে গিয়ে- পৃথিবীসম বেদনায়
ডুবেছে নিরাশায়।
আর যদি রাখ এমন মারাত্মক নয়নজলে ডুবিয়ে
নদী পাবে তোমার নাচঘরে-
আমায় কাঁদিয়ে।
পারছি না আর বাঁচতে এমন একাকিত্বের যন্ত্রণায়!
তুমি এসে মনেতে বসে- কেন হারালে অবেলায়!
আর যদি রাখ এমন গুপ্ততার আতঙ্কে ডুবিয়ে
লাশ পাবে তোমার মনঘরে-
আমায় কাঁদিয়ে।
এমন দূরে যাওয়ায়- আমার রূপান্তরিত প্রহরগুলো
সহসা থমকে গিয়ে- মহাশূন্যসম ব্যথায়
ডুবেছে দুর্দশায়।
এমন মৌন মনোবেদনায় অভোগ্য আকাঙ্ক্ষায়
তুমিহীনতায়- ওপারের ডাক যেন এসেছে;
মরুসাগরের ঢেউ ছুঁয়ে শূন্যতার হাহাকার নিয়ে
আমার যন্ত্রাংশময়- জীবনের যবনিকায়!
২৭ জানুয়ারী ২০২১ খ্রি.