Logo

গাছ উপড়ে ছিঁড়েছে তার, লণ্ডভণ্ড কমলগঞ্জ: বিদ্যুৎহীন পতনঊষার ও মুন্সীবাজার

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৬ মে) রাতের এই ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা উপড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আকস্মিক ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জের পতনঊষার ও মুন্সীবাজার, প্রবল বাতাসের তোড়ে এসব এলাকার শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ির চালা উড়ে গেছে। অনেক স্থানে বড় বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ায় বসতবাড়ি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

একই অবস্থার কথা জানালেন কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের সুমন মিয়া ও নয়ন আহমেদ। তারা জানান, ঝড়ে ঘরের চালে গাছ উপড়ে পড়ে আসবাবপত্রসহ সবকিছু ভেঙে গেছে। বিদ্যুতের মিটার ও তার ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকা এখন অন্ধকারে।

ঝড়ের সময় বিদ্যুতের মেইন লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় বুধবার রাত থেকেই ২টি ইউনিয়নের কয়েক শত গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্থানে খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হওয়ায় সংযোগ মেরামত করতে সময় লাগছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, “গতরাতে পতনঊষারসহ বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা তৈরি করার জন্য ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!