মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় কর্মজীবী এক নারীকে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। তিনি পুলিশকে দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর তিনি দক্ষিণ বালিগাঁও এলাকার ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশির বাড়িতে যান। এ সময় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বটতলা বাজারের সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।
ঘটনাস্থলেই তিনি মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) ফোন করে অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয়দের এ ধরনের অপরাধ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি হাজি মুজিব বলেন, “ভুক্তভোগী মেয়েটি আমার এলাকার মেয়ে, আমার বোনের মতো। আমি পুলিশ সুপারকে বলেছি—দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স।”