মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব নানা আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়।
সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়িতে এসে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সঞ্জয় কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন এবং কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুঈদ আশিক চিশতী। এছাড়াও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জের যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর ও সদস্য সচিব অর্জুন দেব প্রমুখ।
বিকাল সাড়ে ৩টায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কুইজ ও গীতার শ্লোক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে সহস্রাধিক ভক্তের সমাগম ঘটে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় কালীবাড়িতে দুই দিনব্যাপী এবং পাত্রখোলা চা বাগানে পাঁচ দিনব্যাপী নাম সংকীর্তনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও মুন্সীবাজার, রহিমপুর, দেওছড়া চা বাগান, মাধবপুর, আলীনগর, পতনঊষার, আদমপুর ও ইসলামপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।