মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিত শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডস্থ জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শিক্ষক রাকিবুল হাসান মিরাজ উপজেলার সুইনগড় গ্রামের রফিক মিয়ার ছেলে। নির্যাতিত শিশু শিক্ষার্থী মারজান আহমেদ (৯) শ্রীমঙ্গল উপজেলার লাংলীয়াছড়া (খেজুরি) গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় অধ্যয়নরত শিশু মারজান আহমেদ শিক্ষক রাকিবুল হাসান মিরাজের মাধ্যমে যৌন নির্যাতনসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়। নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে তাকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।