পর্যটন নগরী কমলগঞ্জের চিরচেনা সবুজ প্রকৃতির মাঝে এবার যোগ হচ্ছে পলাশের লাল-কমলা আভা। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটকদের কাছে এলাকার সৌন্দর্য আরও আকর্ষণীয় করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার’-এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় রোপণ করা হয়েছে ৪০টি পলাশ ফুলের চারা।
আয়োজকরা জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটি এ অঞ্চলের পর্যটনের অন্যতম প্রধান রুট। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক এই পথ দিয়ে যাতায়াত করেন। বসন্তে যখন এই পলাশ গাছগুলো ফুলে ফুলে ভরে উঠবে, তখন পর্যটকদের যাতায়াত আরও উপভোগ্য ও রঙিন হয়ে উঠবে। শুধু সৌন্দর্যই নয়, ‘বসন্তের অগ্নি’ নামে পরিচিত এই পলাশ ফুল পরাগায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। এর মধু সংগ্রহ করতে আসবে মৌমাছি ও নানা প্রজাতির পাখি, যা স্থানীয় জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।

সম্প্রতি চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতি।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার-এর মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও সংগঠনের সহ-সভাপতি রুবেল আহমদ এবং সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়াসহ স্থানীয় পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলে তাদের এই সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।