Logo

কমলগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার

কমলকন্ঠ ডেস্ক / ৩৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জালাল মিয়া (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ধলাইপাড় এলাকায় জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জালাল মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ার থেকে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় আরও ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) উত্তম কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্যমতে, অভিযুক্ত জালাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্তসহ মোট সাতটি মামলা রয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ তৎপরতা চলছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!