Logo

দায়িত্বভার গ্রহণ করলেন কমলগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান: ইউনিয়নজুড়ে স্বস্তি ও আনন্দ

কমলকন্ঠ ডেস্ক / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান দীর্ঘ অসুস্থতা কাটিয়ে পুনরায় নিজ দাপ্তরিক দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত বছরের ২৩ মার্চ তিনি চিকিৎসার প্রয়োজনে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. আমিনা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হওয়ায় তিনি পুনরায় মূল দায়িত্বে ফিরলেন।

দায়িত্ব গ্রহণকালে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন চেয়ারম্যান মো. আব্দুল হান্নান। সভায় তিনি ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এতদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল মতিন বলেন,চেয়ারম্যান সাহেব পুনরায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি আমাদের ইউনিয়নকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, পুনরায় তার সুদক্ষ নেতৃত্বে আমরা ইউনিয়ন পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীলভাবে সম্পন্ন করতে পারব বলে প্রত্যাশা করছি। আমরা সকল সদস্য তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জনসেবায় কাজ করে যাবো।

সভায় নিজের অনুভূতি ব্যক্ত করে চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন,দীর্ঘদিন অসুস্থ থাকার পর মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। ইউনিয়নবাসীর সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি যতদিন অসুস্থ ছিলাম, ততদিন প্যানেল চেয়ারম্যান এবং পরিষদের সকল সদস্য যেভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কাজ আরও গতিশীল করব, ইনশাআল্লাহ।

এর আগে, দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন গ্রহণ করেন। গত ১৯ মে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইস্যুকৃত এক পত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩ ধারা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

দায়িত্ব গ্রহণকালে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল সিংহ পলাশ, সাংবাদিক শাহাব উদ্দিন সিহাবসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!