Logo

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন: বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব

রাজু দত্ত / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন পরিবেশ ও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙ-বেরঙের কুলা, ডালা, মাটির শরা এবং বিভিন্ন লোকজ প্রতিকৃতি।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। সকল অশুভ শক্তি ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক।

শোভাযাত্রা পরবর্তী আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী লোকসংগীত, জারিগান ও নৃত্যের পাশাপাশি কমলগঞ্জের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

পাশাপাশি উপজেলা সদরে আয়োজন করা হয় বৈশাখী মেলা। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, মাটির তৈরি তৈজসপত্র এবং পিঠা-পুলিসহ দেশীয় খাবারের সমারোহ লক্ষ্য করা গেছে।

উপজেলা সদর ছাড়াও বিভিন্ন ইউনিয়নে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপিত হয়েছে। পুরো অনুষ্ঠানজুড়ে প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা ধর্মীয় সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!