Logo

ভোটের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী নেতা নির্বাচনের ডাক দিলেন -এমপি মুজিবুর রহমান চৌধুরী

রাজু দত্ত / ৫১ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক ও পরিকল্পিত নগর উন্নয়নের অংশ হিসেবে নবনির্মিত পৌর মার্কেটের ১ম তলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মার্কেটের ফলক উন্মোচন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভানুগাছ বাজারের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এমপি মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “আমাদের ঐতিহ্যবাহী ভানুগাছ বাজারটি প্রায় ধ্বংসের পথে। অব্যবস্থাপনার কারণে মানুষ এখন বাজার করতে শমশেরনগর, আদমপুর ও মুন্সিবাজারে চলে যাচ্ছে। এই বাজারকে পুনরায় সচল করতে আমরা বর্তমান কমিটি ভেঙে দিয়ে দুই মাসের জন্য একটি ‘এডহক’ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও স্পষ্ট করেন যে, প্রস্তাবিত এডহক কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করবে। এমপি বলেন, প্রকৃত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তা বাজারের প্রকাশ্য স্থানে টাঙিয়ে দেওয়া হবে, যাতে কোনো অ-ব্যবসায়ী ভোটার তালিকায় স্থান না পায়। আমরা চাই, আপনারা যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচিত করেছেন, ঠিক সেভাবে ভোটের মাধ্যমে একজন প্রকৃত ব্যবসায়ীকে আপনাদের নেতা নির্বাচিত করবেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভানুগাছ বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মার্কেটের এই নতুন অবকাঠামো উদ্বোধনের ফলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সাধারণ মানুষের ধারণা, আধুনিক এই বিপণি বিতানটি চালু হওয়ার ফলে কমলগঞ্জের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!