Logo

কমলগঞ্জে হত্যা মামলা তুলে না নেওয়ায় প্রতিপক্ষের গাড়ি পুড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নিতে আপস না করায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পুরোনো গাড়িতে আগুন দিয়ে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। ১৬ নভেম্বর (সোমবার) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তার শিপা নামের এক নারী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তারের সঙ্গে তাঁর জা নুরুন নাহার লুবনা, বড় ননদ রুনা বেগম এবং নিহত রোজিনার ছেলে রেজোয়ান তাওয়াফ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত ২০২৫ সালের ২৬ মে সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে তাঁদের ভোগদখলীয় কৃষিজমিতে মাটি কাটছিলেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহিম। এ সময় এর প্রতিবাদ করায় রেজাউল করিম সাগর, তাঁর পিতা আব্দুর রহিম ও তাঁদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় জাহিদুল ইসলাম ও রোকসানা বেগমসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বক্তব্যে আরও বলা হয়, আসামিরা জেলহজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও চাপ সৃষ্টি করে আসছেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে আসামিরা নিজেদের বাড়িতে একটি পুরোনো গাড়ি এনে তাতে আগুন দেয়। পরে এই ঘটনায় তাসলিমা আক্তারের স্বামী ও দেবরসহ আত্মীয়স্বজনকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা চালানো হচ্ছে। ঘটনার দিন তাসলিমা আক্তারের স্বামী ঘটনাস্থল থেকে প্রায় শত কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জে অবস্থান করছিলেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম গংদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি আসামিরা ঘটনার সঙ্গে জড়িত না থাকেন, তবে অভিযোগ থেকে তাঁদের বাদ দেওয়া হবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!