Logo

কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

রাজু দত্ত / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬।

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, সুস্থ ও সক্ষম জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে তৃণমূল পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

সভাপতির বক্তব্যে ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—পুষ্টি বিষয়ক সচেতনতামূলক সভা, শিশু ও মাতৃপুষ্টির বিশেষ পরামর্শ প্রদান, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম এবং প্রবীণদের পুষ্টি সুরক্ষায় বিশেষ উদ্যোগ। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের অসামান্য অর্জনকে স্থায়ী রূপ দিতে সমন্বিত উদ্যোগ জরুরি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে পুষ্টিবার্তা সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!