মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষি ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বাগজুর খাল খনন কর্মসূচি এবং ৩ হাজার মিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলার গ্রামীণ মাটির রাস্তাগুলোকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে ‘হেরিং বোন বন্ড’ (HBB) পদ্ধতিতে এই উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মুন্সীবাজার ইউনিয়নের রূপসপুর এলাকায় ১ হাজার মিটার, আদমপুর ইউনিয়নের ছনগাঁও এলাকায় ১ হাজার মিটার এবং পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় ১ হাজার মিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সড়ক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত বাগজুর খাল খনন কর্মসূচীরও উদ্বোধন করেন সংসদ সদস্য। এই খালটি খনন করা হলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের গ্রামীণ অবকাঠামোতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই খাল খনন ও সড়ক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকার দীর্ঘদিনের যাতায়াত ও সেচ সমস্যার সমাধানে এসব প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।