Logo

রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা

রাজু দত্ত, / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সিলেটের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশায় অবস্থিত ধর্মীয় কেন্দ্র শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম-এ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের দোল উৎসব। রঙের আবির, ভক্তিমূলক সংগীত ও সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যে মুখর হয়ে ওঠে পুরো ধাম প্রাঙ্গণ।

এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল চীনা নাগরিকদের অংশগ্রহণ। তারা স্থানীয় ভক্তদের সঙ্গে ধামাইল নৃত্য ও রং খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিদেশি অতিথিদের উপস্থিতি উৎসবে এনে দেয় ভিন্নমাত্রা—রঙের উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয় আন্তর্জাতিক বন্ধুত্বের বার্তা।

উৎসব উপলক্ষে ধাম প্রাঙ্গণে বসে বর্ণিল মেলা। দূর-দূরান্ত থেকে ভক্ত-দর্শনার্থীরা ছুটে আসেন ভগবান শ্রী বিষ্ণুর পাদচিহ্ন দর্শন ও মহাপ্রসাদ গ্রহণের জন্য। মন্দির প্রাঙ্গণজুড়ে ছিল রঙিন আলোকসজ্জা ও ফুলের সাজ। খাবারের স্টল, ধর্মীয় বই-পুস্তক, ফুল-মালা ও খেলনার দোকান মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শ্রীবিষ্ণুর মহাভোগের দিন (৪, ৫ ও ৬ মার্চ) ভক্তদের ভিড় আরও বাড়ে। মহাপ্রসাদ বিতরণের সময় সকলেই একসঙ্গে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেন।

চীনা নাগরিক শিয়ুয়ান হুই বলেন, “বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় উৎসব অত্যন্ত প্রাণবন্ত। ধামাইল নৃত্য ও রঙের উৎসবে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের জন্য এক নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা।” তিনি আরও বলেন, “এখানকার মানুষ খুব আন্তরিক। এই আনন্দ ভাগাভাগি আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।”

ধামের প্রধান পুরোহিত কিশোর কান্তি ভট্টাচার্য বলেন, “দোল উৎসব মানেই ভক্তি ও আনন্দের মিলন। বিদেশি নাগরিকদের অংশগ্রহণে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।”

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুদ্রজিত দে জানান, “প্রতিবছরই আমরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দোল উৎসব পালন করি। এবার বিদেশি অতিথিদের উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।”

উৎসব উপলক্ষে দিনব্যাপী কীর্তন, পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের তৎপর উপস্থিতিও লক্ষ্য করা যায়।

সব মিলিয়ে শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম-এ এবারের দোল উৎসব হয়ে ওঠে সম্প্রীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!