Logo

কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কমলকন্ঠ ডেস্ক ।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন অনাকাঙ্কিত পরিস্থিতি এড়াতে এবং নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি উপজেলাজুড়ে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কমলগঞ্জের সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণের পরিবেশ শাšিপূূর্ণ রাখতে এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সরাসরি প্রতিটি কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা গোলযোগের চেষ্টা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন।

এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে স্থায়ীভাবে নিয়োজিত থাকবেন পুলিশ ও আনসার সদস্যরা। থাকবে পুলিশের বিশেষ মোবাইল টিমের নিয়মিত টহল। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি টহল ও বিশেষ নজরদারিতে থাকবে র‌্যাবের একাধিক টিম। ইতিমধ্যে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সিসি ক্যামেরা স্থাপনের ফলে কেন্দ্রগুলোতে নজরদারি অনেক সহজ হবে। নির্বাচনের দিন অনাকাঙ্কিত পরিস্থিতি এড়াতে আমরা কয়েক স্তরের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে আস্থার সঞ্চার করবে বলে আমরা আশাবাদী।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!