(গল্প)
ভ্রান্তি বিলাস
মো. তোফায়েল হোসেন
পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী নরওয়ের হাম্মেরফিস্ট এর এক কনভিনিয়েন্স স্টোরের পাশেই ছিলাম একটা সময়। বেরিং সাগরের অপরূপ মাতাল স্পর্শ আমাকে মুগ্ধ করে রেখেছিল সেই সময়টা। তবুও বাউন্ডুলে জীবন স্থিতি পায়নি বরং ওখানে কুঁড়িয়েছিল আরও কিছু যন্ত্রণা।
প্রতিদিন সন্ধ্যায় সেই কনভিনিয়েন্স স্টোরে যেতাম। অফ-ডে তে রোদন আর মায়াও আসত। এ যোগলের সাথে আমার পরিচয় ছিল না। শুধু বাংলাতে কথা বলায় আমি তাদের পরিচয় জেনে গেলাম- এরা বাঙ্গালী। তবে কেন জানি নিজের পরিচয় তাদের কাছে দিলাম না! একজন বিদেশী হিসেবেই রইলাম। কনভিনিয়েন্স স্টোরের এক কোণায় বসার ব্যবস্থা ছিল। ওখানে বসে তারা ফাস্ট ফুড খেত আর প্রেমালাপ জমাত। আমিও বসতাম আশেপাশে। চারপাশে শুধু বিদেশী তাই তারা র্নিদ্বিধায় মাতৃভাষায় তাদের প্রেম প্রেম খেলা চালিয়ে যেত। তাদের কথাগুলো আমাকে মুগ্ধ করত। পৃথিবীর সব সুখ যেন এরা বহন করে চলছিল। এত প্রেম, এত বিশ্বাস, এত মুগ্ধতা আমি আর কোথাও দেখিনি। তবে আমার কাছে কেন জানি বারবার এটা মনে হত- ভালবাসা বিনিময়ে মায়া রোদনের কাছে বারবার হেরে যাচ্ছে।
হঠাৎ একদিন গন্ডগোল বাঁধল। বরাবরের মত সেদিন রোদন আগেই এসেছিল। মিনিট দশেক পরে এল মায়া; অনেকটা বিচলিত ও অগ্নিমুর্তি হয়ে। সরাসরি রোদনের সামনে দাড়াল। কেউ কিছু বুঝে উঠার আগেই ঠাস ঠাস করে দু’টি চড় বসিয়ে দিল রোদনের গালে। স্টোরে জনাদশেক লোক ছিল। সবার দৃষ্টি ঘুরে গেল মায়া আর রোদনের দিকে। পিন পতন নীরবতা নেমে এল ঘরময়।
“তোমাকে কি আমি নিষেধ করিনি? কেন বার বার নিষেধ করার পরও আমাকে ই-মেইল কর, এসএমএস কর। তোমাকে তো আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি- তোমার সাথে আমার যা ছিল তা হল অবসর যাপন; এটা ভালবাসা নয়। ভুলে যাও সব।” হ্যাঁ; আমার স্পষ্ট মনে আছে, মায়া এভাবেই বলেছিল রোদনকে। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গিয়েছিল চৌঁকাঠ পেরিয়ে। আর রোদন যেমন ছিল তেমন বসে রইল অনুভূতিহীনদের মত।
সেখানে কেউ মায়ার কথাগুলো না বুঝলেও আমি বুঝেছিলাম। রোদনের কষ্ট আমাকে ছুঁয়ে গেল। তাই নিজের সিট ছেড়ে রোদনের সামনে গিয়ে বসলাম। আলতো করে একটা হাত রাখলাম টেবিলে রাখা রোদনের হাতের উপর। বললাম- ভুলে যাও। এটাকে একটা র্দূঘটনা ভাব। সত্য মিথ্যা জানি না তবে আমার মন বলছে- ওই মেয়েকে নিয়ে তুমি কোনদিনও সুখী হতে না।
রোদন অশ্রুসজল চোখ তুলে আমার ওপর ঝাপসা দৃষ্টি দিল। সে হয়তো ভাবেনি এ রকম অবস্থায় একজন বাঙ্গালী তাকে সান্ত¦না দিতে আসবে। লোকজনের উৎসুক দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে আমাদের ওপর। অস্বস্তিতে ভোগছে রোদন। আমি তাকে হাত ধরে দাড় করালাম। বেরিয়ে এলাম বাহিরে।
পাশেই গ্যাস স্টেশন। একপাশে একটা ফুলের বাগান। বাগানের একটা বেঞ্চে গিয়ে বসলাম। রোদন জানাল- তিন বছর হয়ে গেছে তাদের এই সম্পর্কের। কিন্তু হঠাৎ করেই গত অফ ডে’র পরের দিন থেকেই মায়া পরিবর্তন হয়ে গেল। কোন কারণ ছাড়াই তাকে ত্যাগ করতে চাইল। কৈফিয়ত চাইলে সে কোন কৈফিয়ত দিতে পারল না। এরপর একসময় সে এখানে আসার জন্য বলল। আর এখানে এসে সে আমাকে কি কৈফিয়ত দিয়ে গেল তা তো শুধু আপনি নয় আরও কয়েক জোড়া চোখ দেখল।
আমার যতটা সাধ্য ছিল তার সবটা দিয়ে রোদনকে সান্ত্বনা দিলাম। তারপর বিদায় নিয়ে চলে এলাম নিজের কক্ষপথে। পরদিন সন্ধ্যায় সেই কনভিনিয়েন্স স্টোর থেকে একটা ছেলে আসল আমার বাসায়। ছেলেটা আমার বাসা খুব ভাল করেই চিনত। সে জানাল- চড় খাওয়া সেই যুবক বিকেলে তাদের স্টোরে এসেছিল। তাকে কিছু ডলার দিয়ে অনুরোধ করে- এই খামটা আমার কাছে পৌছে দেয়ার।
ছেলেটাকে বিদায় দিয়ে খামটা খুললাম। একটা চিঠি আর মুখ বন্ধ করা আরেকটা খাম। সেই খামের ওপর মায়ার নাম ঠিকানা লিখা। চিঠিটা পড়লাম। রোদন খুব আবেগ নিয়ে আমাকে তার ভালবাসার গভীরতা বুঝাতে চেয়েছে। তারপর অনুরোধ করেছে- মায়ার কাছে মুখ বন্ধ খামটা পৌছে দিতে।
এখনই মায়ার ঠিকানায় যাব সিন্ধান্ত নিলাম। রেডি হয়ে বেরিয়ে এলাম বাহিরে। কনভিনিয়েন্স স্টোরের পাশের গলির মুখে ভিড় দেখে সেদিকে এগিয়ে গেলাম। ভিড়ের কেন্দ্রে পড়ে আছে রোদনের প্রাণহীন রক্তাক্ত দেহ। আমি যেন শূণ্যে ভাসতে লাগলাম। কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না।
পুলিশ এল। কনভিনিয়েন্স স্টোরের বদৈলতে গত সন্ধ্যার ঘটনা এবং আমার কাছে রোদনের দেয়া খামের কথাও প্রকাশ পেল। পুলিশের মুখোমুখি হতে হল আমাকে। যা জানি জানালাম। রোদনের পাঠানো চিঠি আর মুখ বন্ধ করা খামটাও তুলে দিলাম পুলিশের হাতে।
পুলিশ মায়াকে খুঁজে পেল না। তবে সেই মুখ বন্ধ খাম খুলতেই প্রকাশ হল- রোদন আত্মহত্যা করেছে! সে মায়াকে লিখেছিল তার স্বপ্নের কথাগুলো। লিখেছিল তার ভালবাসার কেন্দ্রে যে মায়া ছিল সেই মায়াকে সে স্বাধীন করে দিয়ে হারিয়ে যাচ্ছে অনেক দূরে।
হাম্মেরফিস্টে আরও চার মাস ছিলাম। মাঝে মাঝে পুলিশ স্টেশনে গিয়ে মায়ার খোঁজ-খবর নিতাম। কিন্তু মায়া তখনও ধরা পড়েনি। যেন হাওয়ায় মিলিয়ে গেছে।
বছর খানেক পরে হাডসন উপসাগরের তীরে ম্যাপল পাতার দেশ কানাডার চুরচিলি বন্দরে অবসর কাটাচ্ছিলাম। টাকা পয়সারও বেশ টানাটানি চলছিল তখন। এমন সময় একদিন এক ভদ্রমহিলার সাথে পরিচয় হল। কথাবার্তার ফাকে উনি জানালেন- বেশ কয়েক দিন ধরে আমার মত কাউকে খুঁজছেন তিনি একটা ব্যাক্তিগত কাজে। লোভ দেখান স্বরে এটাও জানালেন- এ কাজের জন্য বেশ কিছু কানাডিয়ান ডলারও বরাদ্দ আছে।
আমি কাজটা কী জানতে চাইলে উনি বললেন- উনার পঞ্চাঁশউর্ধ্ব বয়সের বড়লোক ব্যবসায়ি স্বামীর একটা ব্যবসা আছে কালগেরির কাছাকাছি। প্রায়ই ভদ্রলোককে ওখানে যেতে হয়। কিন্তু বেশ কিছু দিন যাবত উনার চাল-চলনে কিছু অসামাঞ্জস্য দেখা গেছে। ওখানে গেলে ভদ্রলোক বড্ড দেরি করেন। জিজ্ঞাস করলে সদুত্তর পাওয়া যায় না। তাই আমি যদি ভদ্রলোকের পিছু পিছু ওখানে গিয়ে বিষয়টা একটু পর্যবেক্ষণ করে প্রমাণসহ উনাকে জানাই তবে বরাদ্দকৃত ডলার আমার হয়ে যাবে।
ভদ্রমহিলার কথা শুনে মনে মনে না হেসে পারলাম না। নিছক একটা সন্দেহ ছাড়া আর কিছু নয় এটা। তবে এতে তো আমার কোন ক্ষতি হচ্ছে না। বরং কিছু কামাই হবে- এ কথা ভেবে সম্মতি দিলাম। উনি অর্ধেক ডলার পরিশোধ করে উনার স্বামীর একটা ছবি আমার হাতে দিয়ে আমাকে নিয়ে বসা থেকে উঠলেন- দূর থেকে উনার স্বামীকে সরাসরি দেখাতে। বেশ খানিকটা দূর থেকে দেখলাম একটা মার্কেটের করিডোরে ভদ্রলোক হাটছেন। কাজ শেষে বাকি ডলার পরিশোধের আশ্বাস দিয়ে ভদ্রমহিলা স্বামীর দিকে হেটে গেলেন।
পাঁচদিন পর ভদ্রলোকের পিছু পিছুই কালগেরিতে গিয়ে পৌছালাম। ভাগ্য আর বুদ্ধির সংমিশ্রন ঘটল ওখানে। চেষ্টা করে এমন একটা হোটেলে উঠতে সক্ষম হলাম যা ছিল ভদ্রলোকের হোটেলটার একদম পাশাপাশি। শুধু রাস্তার এপাশ ওপাশ।
ভদ্রলোকের রুম পাঁচতলায় আর আমার রুমটা ছয়তলায়। এমন একটা অ্যাঙ্গেল বেচে নিলাম- যাতে জানালার পর্দা সরলেই ভদ্রলোকের রুমের ভেতরটা দেখা যায়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হল। জানালার পর্দাগুলো টানা থাকত সব সময়।
দ্বিতীয় দিন ঘটল ঘটনাটা। একটা মেয়েকে ঐ হোটেলের দিকে হেটে যেতে দেখলাম- যার শারীরিক কাঠামোটা আমার খুব পরিচিত মনে হল। তবে র্দূভাগ্য- তার মুখটা দেখতে পেলাম না। এরপর আরও কয়েকবার পিছন থেকে দেখেছি তার কাঠামোটা, তবে প্রথমবারের মত এতটা আগ্রহী হয়নি মন।
ভদ্রলোক তার ব্যবসার জন্য নিয়মিত দৌড় ঝাঁপ করে যাচ্ছেন আর আমি একজন স্পাইয়ের মত তার ছায়ায় হেটে বেড়াচ্ছি তার অজান্তে। কোন অসংগতি ধরা পড়ল না। তবে সেই অর্ধেক ডলারের জন্য এই স্বাভাবিক কাজ কর্মের ছবি তুলে রাখতে কোন ভুল করলাম না।
পঞ্চম দিন সন্ধ্যায় আবারও দেখলাম সেই মেয়েটাকে- একটা কার্ণিশওয়ালা হেট মাথায় দিয়ে হেটে যাচ্ছে ঐ হোটেলটার দিকে। মুখটা অন্ধকারে ঢাকা থাকায় এবারও তাকে চিনতে পারলাম না। হেটে গিয়ে ঢুকে পড়ল হোটেলে। পৃথিবীতে একজনের মত আরেকজনের শরীর- এরকম অনেক আছে। তাই মনটা আগ্রহী হলেও তেমন সাড়া দিল না। হয়তো সে ওখানকার স্টাফ। আর নিজেও মনে করতে পারছি না আসলে মেয়েটাকে কার মত লাগছে। তাই ভুলে গেলাম তার কথা।
রাত দশটা নাগাদ টয়লেটে ঢুকলাম একটু ফ্রেস হতে। কিন্তু কী ভেবে যেন টয়লেটের ছোট জানালা দিয়ে বাহিরে দৃষ্টি দিলাম। সাথে সাথে একটা জিনিস ধরা পড়ল দৃষ্টিতে। আমি স্পষ্ট দেখতে পারছি ঐ ভদ্রলোকের টয়লেটের ভিতরটা। এটা একটা নির্মাণ ক্রুটি। তবে যাই হোক- আমার দৃষ্টি আটকে গেল টয়লেটটার ভেতরে।
দেখলাম সেই মায়া আর ঐ পঁঞ্চাশউর্ধ্ব লোকটা। আদিম খেলায় মেতে আছে শাওয়ারের নিচে। দৃশ্যটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল আমার কাছে। মুহূর্তেই মনে পড়ে গেল সেই হেটে যাওয়া মেয়েটার কথা। ও তো মায়া ছিল!
রোদনের রক্তাক্ত দেহটা চোখের সামনে ভেসে উঠল। নিজেকে নিয়ন্ত্রন করতে খুব কষ্ট হল। ক্যামেরার লেন্স যতটা সম্ভব সঠিক রেখে কয়েকটা ছবি তুললাম। তারপর চুপ করে নেমে এলাম নিচে। হাটা দিলাম ঐ হোটেলটার দিকে।
অনেক কষ্টে কিছু তথ্য বের করতে পারলাম। মায়া ওখানকার কোন স্টাফ নয়। ঐ ব্যবসায়ি লোকটা এলেই নাকি মেয়েটা আসে। তারা নাকি ব্যবসায়িক পার্টনার। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নাকি এখানেই তারা সমাধান করে।
আমি মায়ার মুখোমুখি হতে চাইলাম। কিন্তু নিজেকে নিয়ে অনেক সংশয় ছিল। রোদন নামের সেই যুবকের মায়াবী মুখটা আমাকে দিশেহারা করে দিত। রোদনের আত্মা যেন আমার উপর ভর করত। ইচ্ছে হত মায়াকে পৃথিবী থেকে বিদায় দিতে। তাই অনেক ভেবে সিদ্ধান্তে এলাম- মায়ার ছায়ায় আমি দাড়াব না। নিজের রুমে ফিরে এসে সেই ভদ্রমহিলাকে কিছু ছবিসহ একটা ই-মেইল করলাম। আর ফোনে জানিয়ে দিলাম- আমার বাকি ডলারগুলো নিয়ে তিনি যেন কালই এখানে আসেন।
***
(১৪ এপ্রিল ২০১৪ খ্রিস্টাব্দ)