বিজ্ঞাপনের ছবি
মোঃ তোফায়েল হোসেন
তোমার ঘটমান শিহরণের গুপ্ত পরিক্রমায়-
আমায় কেন এমন কাকতাড়ুয়া বানালে!
নির্জন এই প্রান্তে এনে- পবনের গুঞ্জনে
কেন এমন লুপ্ত লিপ্সায় স্থির করে সাজালে!!
গৃহাভিমুখী এই আমায় কেন ফেরালে অরণ্যমুখী করে!
কেন তোমার ঘূর্ণায়মান সাদা ঘাগরার চক্করে-
দেখালে জ্যোৎস্নার অপূর্ব শামিয়ানা;
অরণ্যের শুষ্ক উঠানে শৃঙ্খল পরিয়ে কেন করে দিলে পঙ্গু!
শিরীষের তলে কেন নিশাজলে ভিজিয়ে-
দিলে অতৃপ্ত পঞ্চায়েতের পাঁয়তারা!
কেন সেখানেই করলে পঙক্তির অণু- বিভাজন!
অপূর্ব ডালিয়ার ডিপোতে তোমার পদচিহ্ন
ঠিক মাকড়সার জালের মতো অদ্ভুত ঠাট্টা;
তা কী সত্যি তুমি জাননা- নাকি মাননা!
অথচ আমি ঘুরঘুর করা অচেনা চিকিৎসক নই;
নই পাঁচিলের ওপারের শুল্ক দেওয়া ব্যবসায়ী।
এমনকি-
পালঙ্কের পশরা সাজিয়ে বসা চিটিংবাজও নই আমি!
তবুও কেন হওনি পরিতৃপ্ত- দাওনি পরিত্রাণ
করনি পরোয়া- পাটিগণিতময় প্রেমের ডেকরেশনের!!
বলো তবে- কী পাওয়ার আশায়
আমায় বানালে তোমার নীল কামিজের লাইনিং!
আমি তো হাজার পরিশ্রম করেও
করতে পারব না- তার দাম পরিশোধ;
পারব না হতে- তোমার বুকের শীর্ষে
বারংবার লেহনকারী জিহ্বার মালিক!
মনের লাইব্রেরিতেও হতে পারব না লাজুক পাণ্ডুলিপি!!
তারপরও আমায় কেন এমন করে-
তোমার প্রিয় অন্তর্বাস কোম্পানীর বানানো
টি-শার্টের মডেল বানিয়ে বিজ্ঞাপনের ছবিতে দাঁড় করালে।
***
(০৪ ডিসেম্বর ২০১১ খ্রিস্টাব্দ)