Logo

নির্বাচনে নামছেন বহুল আলোচিত শাল্লার সেই ঝুমন দাস

Reporter Name / ৫৫৮ Time View
Update : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। হেফাজতের সাবেক নেতা মামুনুল হককে নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসের জেরে ছয় মাস জেল খেটেছেন। সেই ঝুমন দাস এবার নির্বাচনে নামছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) শাল্লা থানা পুলিশের এক অনুষ্ঠানে  প্রার্থী হওয়ার ঘোষণা দেন ঝুমন দাস। তবে কোনো রাজনৈতিক দল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান তিনি।

এ বিষয়ে ঝুমন দাস গণমাধ্যমকে বলেন, ‘এলাকার মানুষ নির্বাচন করার জন্য আমাকে বার বার বলছে। তাই সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছি। তবে কোনো দলের হয়ে নয়। আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। তাই ইউনিয়নের মানুষ চায় আমি নির্বাচন করি।’

এ বিষয়ে ঝুমন দাসের মা নিভা রানী দাস বলেন, ‘আশা করি এলাকাবাসী আমার ছেলেকে ভোটে জয়ী করবে।’

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত সম্মেলন নামে একটি সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে হেফাজতের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক বক্তব্য রাখেন। ওই সমাবেশের পরদিন ১৬ মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দিরাইয়ের পার্শ্ববর্তী উপজেলা শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাস। 

তিনি স্ট্যাটাসে মামুনুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনেন। তবে এ সমালোচনাকে ইসলামের সমালোচনা বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকেন মামুনুলের অনুসারীরা। এতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেওয়ায় নোয়াগাঁও গ্রামের বাসিন্দারা ১৬ মার্চ রাতে ঝুমনকে পুলিশের হাতে তুলে দেন।  

পরেরদিন কয়েক হাজার লোক লাঠিসোঁটা নিয়ে ঝুমন দাসের বাড়িসহ বেশ কিছু বাড়িতে ভাঙচুর-লুটপাট করে। এরপর ঝুমন দাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এই মামলায় কয়েক দফায় জামিন আবেদন খারিজের পর ঝুমন দাস হাইকোর্টে জামিন আবেদন করেন।

পরে ২৩ সেপ্টেম্বর ঝুমনকে শর্তসাপেক্ষে এক বছরের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে বলা হয়, সংশ্লিষ্ট নিম্ন আদালতের অনুমতি ছাড়া আগামী এক বছরের জন্য নিজ জেলা সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না ঝুমন দাস। 

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। 


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!