মৌলভীবাজার-শমশেরনগর সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার-শমশেরনগর সড়কের মাতারকাপন পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আব্দুল কাদির ও তার ভাই আব্দুল হাফিজ মোটরসাইকেলযোগে মৌলভীবাজার শহর থেকে নিজ বাড়ি কমলগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে মাতারকাপন পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আব্দুল কাদির প্রাণ হারান।
দুর্ঘটনায় আব্দুল কাদিরের ভাই আব্দুল হাফিজ এবং এক শিশুসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।