কমলকন্ঠ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী রামপাশা সৈয়দ পরিবারের কৃতি সন্তান, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা সৈয়দা আমিনা ফাহমিন (নীলা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এ সাফল্যে কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
সৈয়দা আমিনা ফাহমিন ঐতিহাসিক রাজনীতিবিদ ও সমাজসেবক সৈয়দ আব্দুল কাহির ওরফে গোলাম মুস্তফা (সৈয়দ সাহেব)-এর পরিবারের উত্তরসূরি। তিনি ক্যাপ্টেন (অবঃ) সৈয়দ মহিউদ্দিন আহমেদ বিএন-এর কনিষ্ঠ কন্যা। পারিবারিকভাবে তিনি সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শে বেড়ে উঠেছেন বলে জানান স্বজনরা।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচে উত্তীর্ণ হয়ে তিনি দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্মজীবনে সততা, পেশাদারিত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচয় পাওয়া গেছে। সহকর্মী ও সংশ্লিষ্ট মহল মনে করেন, এই পদোন্নতি তার দীর্ঘদিনের কর্মদক্ষতার স্বীকৃতি।
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তিনি দেশের প্রশাসনিক কাঠামোয় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার এ অর্জন বিশেষ করে প্রশাসনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তায়ালা যেন সৈয়দা আমিনা ফাহমিনকে নেক হায়াত দান করেন এবং দেশ ও জনগণের সর্বোচ্চ সেবায় তাকে দৃঢ়তা ও সাফল্য দান করেন।