Logo

শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল

রাজু দত্ত / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র শবে বরাত উপলক্ষে মৌলভীবাজারের বালিগাঁওয়ে হযরত গরম শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে কবর জিয়ারত ও সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়েছে। আসরের নামাজের পর শুরু হওয়া এই আয়োজনে বালিগাঁও, বাঘমারা, রাসটিলা, বটতলা সহ আশপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

শবে বরাতের তাৎপর্যকে কেন্দ্র করে বিকেল থেকেই মুসল্লিরা দলে দলে কবরস্থানে সমবেত হতে থাকেন। তারা আত্মীয়-স্বজন ও পূর্বপুরুষসহ সকল মরহুম মুসলমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে শরিক হন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করা হয়।

কবর জিয়ারতে আসা নুরনবি মিয়া জানান, এক বছর আগে তাঁর ছোট ভাই মারা গেছেন। নিয়মিত কবর জিয়ারত করলেও শবে বরাত উপলক্ষে সম্মিলিত দোয়ায় অংশ নিতে তিনি বিশেষভাবে এসেছেন। বাঘমারা গ্রামের আকবর আলী বলেন, তাঁর বাবা-মা দুজনই এই কবরস্থানে শায়িত রয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনায় শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে আসা তাঁর জন্য এক আত্মিক প্রশান্তির বিষয়।

এ সময় আশপাশের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। সম্মিলিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বালিগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী।

ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কবরস্থান ও মাজার এলাকা শান্ত, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। শবে বরাতের পবিত্রতা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!