
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা বিওপি এলাকার খাসিয়াপুঞ্জি জামতলা থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ১ অক্টোবর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রগুলো নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য কমলগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হচ্ছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।