
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাত এলাকায় ভ্রমণকালে দুর্গম পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে বিপাকে পড়েন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি পর্যটক দল শ্রীমঙ্গল হয়ে সরাসরি হামহাম জলপ্রপাত এলাকায় ভ্রমণে আসে। জলপ্রপাতের পথে চম্পারায় হামহাম এলাকার কাছাকাছি পাহাড়ি পথে সকাল সাড়ে ১০টার দিকে দলের সদস্য তানভীর আহম্মেদ (অনিক) (২২) গাছের শিকড়ে পা লেগে নিচে পড়ে যান। এতে তার বাম হাত ভেঙে যায়।
আহত তানভীর আহম্মেদ (অনিক) রাজবাড়ী জেলার পাংশা থানার মাগুড়াডাঙ্গি গ্রামের মতিউর রহমানের ছেলে।
দুর্গম ও পিচ্ছিল পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে গিয়ে পুরো দলটি বিপাকে পড়ে। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিক্ষার্থীসহ সকলকে নিরাপদে উদ্ধার করে বের করে আনা হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, উদ্ধার অভিযান শেষে আহত তানভীর আহম্মেদকে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা সুস্থ রয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ষাকালে পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের অধিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের সৌন্দর্য বৃদ্ধি পেলেও পাহাড়ি পথ অত্যন্ত পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই পর্যটকদের স্থানীয় গাইডের পরামর্শ মেনে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভ্রমণ করার পরামর্শ দিয়েছেন তারা।