
আগামী ১৭ জুন ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে (৩য় পর্যায়ে) ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে শ্রীমঙ্গলবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর এই আগমন ও কর্মসূচি উদ্বোধনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরজমিনে পরিদর্শনের জন্য আজ শনিবার (১৩ জুন ২০২৬) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভিক্টোরিয়া মাঠে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ।
পরিদর্শনকালে তাঁরা অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা যাচাই করেন। কর্মসূচির প্রতিটি দিক যাতে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সফল বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একাধিক সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই আয়োজনের সাফল্য কেবল প্রশাসনের ওপর নির্ভরশীল নয়, বরং সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের ওপরই প্রকৃত সফলতা নির্ভর করছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে পুরো শ্রীমঙ্গলজুড়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজনটিকে বর্ণিল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এবং ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।