
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭৯২টি অতিদরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ও মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান চৌধুরী।
সভাপতিত্ব করেন ৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট। ঈদ-উল-আযহার আনন্দ যেন কোনো দুস্থ মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সরকার এই মানবিক সহায়তার আয়োজন করেছে। এই চাল বিতরণের মাধ্যমে ইউনিয়নের ৭৯২টি অসহায় পরিবার ঈদে কিছুটা স্বস্তি পাবে।