
আজও আমি এসেছি- যেমন করে আসতাম- ঠিক তেমন করে
অটল প্রহরীর মতো- পাথুরে পাহাড় হয়ে।
দ্বিখণ্ডিত স্ফুটিক-আরাধনার প্রহর অবধারিত ব্যর্থতায় ডুববে
জেনেও- এসেছি অদ্ভুত ঐন্দ্রজালিক আবেশে- উন্মুখ হয়ে
তোমার পথে
যাব বলে- তোমার সাথে
রাখব বলে হাত- তোমার হাতে।
রূপালী চন্দ্রিমা- জানি তুমি আজ আর আসবে না
উত্তরের বাতাসের উন্মত্ততায়- অভূতপূর্ব বিন্যাসে;
নয়নাভিরাম নৈপুণ্যের ঝিলিকে- রুদ্ধশ্বাস গুনগুন শব্দে-
আমার উদ্ভাসিত হৃদয়ের নীলাভ-স্বচ্ছ ধারায়
আসবে না জানি
তবুও বলো- কেমনে মানি;
তোমার এই না-আসাটা যে খুব অভিমানি!
জানি তুমি আসবে না- তবুও ঠিক সময়ে এসেছি আমি
লাল রঙের মেঘ ছুঁয়ে- বিচ্ছুরিত অনুরাগে।
এসেছি জীবন-নির্বাসিত অন্তহীন তন্দ্রাচ্ছন্নতায় সঞ্চারিত হয়ে
নিস্তব্ধ মরুভূমির গান আর ধূসর বালিয়াড়ির দীর্ঘশ্বাসে
এখানে- যেখানে তুমি আসো
দু'জনে দেখা হলে মিষ্টি করে হাসো
ডান কাঁধের পেশী ছুঁয়ে আমাকে খুব ভালোবাস।
হয়তো জানো না- তুমি আসোনি বলে- আজ এখানে
মুহূর্তগুলো হয়ে গেছে প্রহরের চেয়েও দীর্ঘ;
নিঃস্ব মনের প্রান্তরে বাজচ্ছে না কোন মায়াবী ঝঙ্কার।
হেঁটে আসা পথে আজ আর তুমি নেই- নেই তোমার ছায়া;
মুঠোফোনের স্কিনেও জ্বলছে না আগমনী বার্তার মায়া!
আমার দৃষ্টিতে শুধু ধরা দিল- দূর সিনাইয়ের নিঃসঙ্গ প্রান্তর
কোথাও তুমি নেই
তুমি আজ আসোনি
তুমি আর বহুদিন আসবেও না।
আমি তো যেমন করে আসতাম- তেমন করে আজও এসেছি
দুর্লভ সমন্বয়ে তোমার সর্বাঙ্গ আলতো করে ছুঁতে চেয়েছি।
গ্রাস করে নেওয়া তীব্র আবেগে- ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে বসেছি
তুমি আলিঙ্গনে আসবে না জেনেও- দু'হাত বাড়িয়ে রেখেছি।
তোমার হৃদয়ের গ্রন্থাগার থেকে পাওয়া দুষ্প্রাপ্য গ্রন্থের
অনুলিপি করবো বলে- তোমাকে কল্পনায় এঁকেছি
মনের ক্যানভাসে।
মাদল-খঞ্জনীর সুরে ভেসে
তোমার জন্য মরতে পারব হেসে হেসে।
জানি আজ আর আসবে না- প্রেম কন্যার কোমল অঙ্গ
আমার মরু-শুষ্ক বুকের তপ্ত জমিনে-
তার অফুরন্ত জ্যোৎস্না থেকে একবিন্দু আলো দিতে।
আসবে না জানি সসম্ভ্রমে- আমার কুর্নিশ নিতে
পারব না জানি আর- তারে বয়ে আনা পদযুগল চুমিতে
আলো আঁধারে
নীরব ভাষায় বারেবারে
তারে জড়িয়ে ধরে কেঁপে উঠা প্রহরে।
নিষ্ঠুর একাকিত্বে আমি হয়েছি বুভুক্ষু
মর্মান্তিক বিভৎসতায় মেঘাবৃত হয়েছে আকাশ
অলৌকিক কষ্টে দুলছে আমার শূন্য পৃথিবী
আজ আমি একা
আসেনি সে- দেয়নি দেখা
ছুঁয়ে দেয়নি আমার দেহের শাখা-প্রশাখা।
হৃদয়-সিংহাসনের অধীশ্বরী- রূপালী চন্দ্রিমা
জানি এখন তুমি আর আসবে না
তবুও আমি সজল নয়নে নিষ্প্রভ এক প্রেমিক হয়ে আসবো
তোমার হাঁটা পথে
স্মৃতির অদৃশ্য রথে
তোমাকে আমার কাছে নিয়ে যেতে।
উন্মাদ অপেক্ষায় পথ চেয়ে- যাযাবর এক পথিক হয়ে
আগের মতোই- তোমাকে ভালোবাসব।
জানি তবুও তুমি আসবে না
আমাকে আর ওখানে খোঁজবে না
দূরন্ত গতির উড়ন্ত আশায় হৃদয় আর দোলবে না।
তবুও তুমি আসবে ভেবে- ভাসবো
আমি ঠিকই ঠিক সময়ে ঠিক জায়গায় নিয়ম করেই আসবো!