
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস প্রায় ছয় ঘণ্টা লাইনে আটকা পড়ে থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। দুপুর ১টার দিকে ট্রেনটি বিকল হওয়ার পর রিলিফ ইঞ্জিনের সহায়তায় উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১২টা ৪৫ মিনিটে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন অতিক্রম করে। দুপুর ১টার দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। এতে ট্রেনটি লাইনে আটকে পড়ে এবং ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ট্রেনের ভেতরে আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে কুলাউড়া জংশন থেকে একটি রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার কার্যক্রম শেষে বিকল ইঞ্জিনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার এস এম গৌর প্রসাদ বলেন, ইঞ্জিন বিকলের কারণে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ ছিল। পরে রিলিফ ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি উদ্ধার করে চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে বিকল ইঞ্জিনটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।