
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টায় কমলগঞ্জ উপজেলার ৫ নং কমলগঞ্জ ইউনিয়নের বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি জনগণের পাশে রয়েছে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল পর্যটন সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত। পর্যটন শিল্পের বিকাশ, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কৃষি সেচব্যবস্থার আধুনিকায়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, মৌলভীবাজার-৪ আসনে দলের পক্ষে ব্যাপক গণসাড়া পাওয়া যাচ্ছে এবং মাঠপর্যায়ে গণসংযোগ জোরদার করা হয়েছে।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেচব্যবস্থার দুর্বলতা, কর্মসংস্থানের অভাব ও স্বাস্থ্যসেবায় নানা সংকট রয়েছে। তারা নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান।
জনসভা শেষে প্রার্থী স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।